‘রাশেদের বাচ্চা আমার পেটে’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৯:০৩ পিএম

‘রাশেদকে তুমি বাঁচতে দিও না আম্মু। রাশেদ আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। রাশেদ এর কারণে আমি আমার জীবন শেষ করে দিলাম। কারণ রাশেদের বাচ্চা আমার পেটে’- এমন একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকায়।

বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে তার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার ঢাকায় অবস্থানরত ব্যবসায়ীর মেয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে পূর্বপাড়া এলাকার অপর স্কুলছাত্র রাশেদের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বন্ধুদের সহযোগিতায় ওই স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে রাশেদ। চিরকুটের লেখা অনুযায়ী, এরই মধ্যে সে অন্তঃসত্বা হয়ে পড়ে। তবে রাশেদ প্রেমের সম্পর্ককে অস্বীকার করে। এতে দিশেহারা হয়ে লজ্জায় চিরকুট লিখে আত্মহত্যা করে ওই স্কুলছাত্রী। পরে রাতেই পুলিশ তার মরদেহ ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চিরকুটে আরো লেখা ছিল, মৌসুমি, মেঘলা সাজেদা, আজাদ, খুশি, নিশি, শফিক মোশারফ ও ময়নালের সহায়তায় তার ও রাশেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এ অনৈতিক ঘটনা ঘটে। এ ছাড়া রাশেদের কাকা তামজিদসহ তারা সবাই মিলে ওই স্কুলছাত্রীর জীবনটা শেষ করে দিয়েছে বলে চিরকুটে লেখা ছিল। তাদের ক্ষমা না করতে বলা হয় চিরকুটে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় সাংবাদিকদের জানান, রাতেই পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত