গোপালগঞ্জের সদর উপজেলায় হামিদুল শরীফ (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর হাইস্কুলের ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামিদুল ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী জানান, সন্ধ্যায় হামিদুল গোপীনাথপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে হাইস্কুলের ফটকের সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা অতর্কিত গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামিদুলের বুকে চারটি গুলিবিদ্ধ হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে গুলিতে আহত হয়েছেন শরীফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন (৫৫)। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন স্থানীয় ফয়সাল গ্রুপের কর্মীদের সঙ্গে বাহার উদ্দিনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল ফয়সালের নেতৃত্বে ৫-৬ জন এসে বাহারের পায়ে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
