করোনার টিকা নিয়ে ভুয়া প্রচার ঠেকাবে গুগল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১০:৫৬ পিএম

করোনা মহামারি নিয়ে ভুয়া তথ্য ঠেকাতে একাধিক নতুন ফিচার এনেছিল গুগল। শুধু ওয়েবসাইটই তৈরি করেনি এই টেক জায়ান্ট, কভিড সংক্রান্ত যাবতীয় তথ্য জানতেও সহজ করে দিয়েছিল।

এবার ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য ইউজারদের কাছে পৌঁছে দিতে নতুন আরেকটি ফিচার আনছে গুগল। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

শনিবার টেক জায়ান্টটি জানায়, সার্চ অপশনে আর একটি নতুন ফিচার নিয়ে আসছে তারা। আর সেই নতুন ফিচারের সাহায্যে মানুষজন তাদের লোকেশন অনুযায়ী অনুমোদিত টিকার তালিকা জানতে পারবে।

মূলত গুগলের ইনফরমেশন প্যানেলেই করোনার নতুন এই তথ্য সম্পর্কে জানতে পারবেন ইউজারেরা।

আপাতত এই ফিচার যুক্তরাজ্যের জন্যই চালু করা হয়েছে। কোম্পানিটি জানায়, অনুমোদন ও টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেলে অন্যান্য দেশেও এই ফিচার চালু করা হবে।

টেক জায়ান্টের পক্ষ থেকে আরও বলা হয়, চলতি বছরের মার্চে কভিড-১৯ ইনফরমেশন প্যানেল চালু করার পর থেকেই ইউটিউব ভিউ ৪০০ বিলিয়নেরও বেশি বেড়ে গিয়েছে। এই প্যানেলগুলো রয়েছে ইউটিউব হোমপেজেই। এছাড়াও গুগলের ইন-সার্চ রেজাল্ট এবং ভিডিওতেও এই প্যানেল দেখানো হয়।

এই প্যানেলেই এবার টিকা নিয়ে যাবতীয় তথ্য দেখানো হবে। এর জন্য সাহায্য নেয়া হবে স্থানীয় এবং গ্লোবাল হেলথ অথোরিটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত