বিজয় দিবসে গদখালীতে ২০ কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১১:১৫ পিএম

বিজয় দিবস সামনে রেখে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীর পাইকারি ফুলের বাজারে ২০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা।

তারা জানিয়েছেন, গত চার দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত সাত কোটি টাকার ফুল গেছে এবং বাকি তিন দিনে আরও ১৩ কোটি টাকার ফুল বিক্রি হবে।

প্রতিটি উৎসব সামনে রেখে প্রতি বছরই যশোর অঞ্চলের ফুলচাষি ও ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি থাকে। করোনা পরিস্থিতিতেও এবার গতবারের তুলনায় আশা জেগেছে চাষিদের মাঝে। তা ছাড়া পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় এবার ফুল বিক্রির পরিমাণ যেন হঠাৎ করেই খানিকটা বেড়েছে।

গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, গদখালীর ৪০ শতাংশ ফুল ঢাকা ও চট্টগ্রাম এবং ৬০ শতাংশ ফুল চালানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় বাজারে পাঠানো হয়। ওই সব চালানের হিসাব অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত সাত কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বাকি দিনে আরও ১৩ কোটি টাকার ফুল বিক্রি হবে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি গোলাপ ৫-৭, জারবেরা ১০-১৬, গস্নাডিওলাস ৩-৬, রজনীগন্ধা ৫-৬ ও গাঁদা প্রতি হাজার ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ হয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ১০ হাজার কৃষক।

ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের চাষি আমিনুর রহমান জানান, গত চার দিনে তিনি ৩ লাখ টাকার জারবেরা ফুল বিক্রি করেছেন।

ফুলচাষি সাহিদা বেগম বলেন, এখন চাষিরা গোলাপের কুঁড়িতে ক্যাপ পরিয়ে রেখেছেন, এতে ফুল একটু দেরিতে ফোটে। প্রতিটি গোলাপে ক্যাপ পরানোসহ খরচ প্রায় পাঁচ টাকার মতো। যদি ৮-১০ টাকা বিক্রি করা যায়, তাহলে মুনাফাও হবে ভালো।

যশোর আঞ্চলিক কৃষি অফিসের উপপরিচালক এমদাদ হোসেন জানান, এবার জেলায় ৬৫০ হেক্টর জমিতে ফুলের আবাদ করা হয়েছে। দেশের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশের বেশি যশোরের গদখালী থেকে সরবরাহ করা হয়। এখানকার ফুল এখন সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত