পাবিপ্রবিতে অধ্যাপক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০২:০৫ এএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যাপক পদে নিয়োগের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। এ বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পাবিপ্রবি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৩ অক্টোবর ব্যবসায় প্রশাসন বিভাগ ও গণিত বিভাগে শূন্য পদে অধ্যাপক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি কিছু নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সৃষ্ট দাবি করে এর প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আবদুল আলীম। গত ৫ নভেম্বর উপাচার্য (ভিসি) এম. রোস্তম আলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে আট দফা দাবিতে ক্যাম্পাসে একক অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। এতে ভিসি কর্ণপাত না করায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর অনলাইন (জুম) মাধ্যমে নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়। গতকাল হাইকোর্ট আদালত এই নিয়োগের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে।

রিটকারীর আইনজীবী মাহমুদ হাসান রানা বলেন, ‘আমরা স্থগিতাদেশের কপি পাঠিয়ে দিয়েছি। তারপরও বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ যদি এই নিয়োগ প্রক্রিয়া চলমান রাখে, তাহলে আইনকে অমান্য করা হবে।’

রিটকারী শিক্ষক ড. এম আব্দুল আলীম বলেন, ‘পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী নিজের পছন্দের চার শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফজলুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুনার রশিদকে প্রফেসরের শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা লঙ্ঘন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অবৈধ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি করি। কিন্তু উপাচার্য মহোদয় তা আমলে না নেওয়ায় আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের স্থগিতাদেশে আমার দাবির যৌক্তিকতাই প্রতিষ্ঠিত হলো।’

এ বিষয়ে জানতে পাবিপ্রবির ভিসি ড. রোস্তম আলী ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত