গত মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল বলেছিলেন, সাইকেলে চড়ে তিনি তার কর্মস্থল উচ্চ আদালতে আসবেন। গতকাল রবিবার কথা রেখেছেন তিনি। সকালে কাকরাইলের জাজেস কমপ্লেক্স থেকে সাইকেলে চড়েই বিচারকাজ পরিচালনা করতে হাইকোর্টে আসেন তিনি। এ সময় তার সঙ্গী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ ইমতিয়াজ ফারুক ও মাহফুজ বিন ইউসুফ।
আইনজীবী মাহফুজ বিন ইউসুফ সাংবাদিকদের জানান, গত সপ্তাহে বিচারপতি আশরাফুল কামালের জন্য সাইকেল কেনা হয়। গতকাল সকালে তারা দুজন ধানমন্ডি থেকে সাইকেল চালিয়ে কাকরাইলের জাজেস কমপ্লেক্সে আসেন। পরে সকাল ৯টার দিকে বিচারপতি সাইকেল চালিয়ে হাইকোর্টে আসেন। মাহফুজ বিন ইউসুফ বলেন, ‘আমরা আইনজীবীরা উচ্ছ্বসিত। পরিবেশবান্ধব এ বাহনের জন্য আলাদা লেনের দাবি আছে। কিছুদিন আগে অ্যাটর্নি জেনারেল স্যারও এ বিষয়ে বলেছেন। আশা করি আলাদা লেন হবে এবং অনেকে সাইকেলে অভ্যস্ত হবেন।’
‘দূষিত না করাই একমাত্র সমাধান’ স্লোগান সামনে রেখে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীদের ‘কাউন্সেল অন সাইকেল’ নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয় কিছুদিন আগে। এই সংগঠনের জন্য সুপ্রিম কোর্ট বারে একটি শেড তৈরি করা হয়। গত ৫ নভেম্বর ওই শেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. আশরাফুল কামাল। অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সাইকেল পরিবেশবান্ধব। এতে কোনো তেল খরচ হয় না। আমি নিজেও সাইকেল চালিয়ে বাসা থেকে আসতে চাই। মাঝে মাঝে আমরা আসব, এতে পরিবেশ রক্ষা পাবে, রাস্তায় যানজট থেকে রক্ষা হবে।’ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ঢাকা শহরে যাতে সাইকেলের জন্য আলাদা লেন থাকে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানাবেন।
