ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে ক্যারিবীয়রা।
তবে সিরিজের দৈর্ঘ্য কমানো হয়েছে। সফরে টাইগাদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে উইন্ডিজ।
এমনিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে করোনা পরিস্থিতিতে বায়ো-বাবলের মধ্যে দীর্ঘ সময় থেকে খেলা কঠিন বলে সিরিজের দৈর্ঘ্য কমানোর প্রস্তাব করেছিল উইন্ডিজ বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টিতে শুরু থেকেই ইতিবাচক ছিল।
২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। একই ভেন্যুতে ২২ জানুয়ারি পরের ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
দুই টেস্টের প্রথমটি চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ ও টেস্ট সিরিজের আগে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
