বাংলাদেশ অ্যাসোসিয়েশন গ্লাসগোর সভাপতি মৃদুলা নাসরিন মারা গেছেন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭ পিএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন গ্লাসগোর সভাপতি মৃদুলা নাসরিন সারওয়ার (৫০) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় অ্যাবার্ডিন রয়্যাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত এক মাস ধরে কোভিডে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী জনাব সারওয়ার হাসান এবং দুই পুত্র সন্তান রেখে গেছেন। গত ১৩ ডিসেম্বর দুপুরে গ্লাসগো সেন্ট্রাল মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় এবং গ্লাসগো মুসলিম সিমেট্রিতে দাফন সম্পন্ন হয়। 

মৃদুলা সারওয়ার করোনা মহামারির সময়ে বাংলাদেশের নিম্ন আয়ের সাধারণ মানুষ এবং সংস্কৃতি কর্মীদের জন্য গ্লাসগোর পরিচিত লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা তুলে দেশে পাঠিয়েছেন। বাংলাদেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি ছিলেন  একজন একনিষ্ঠ কর্মী।

গ্লাসগোর বাঙালি সমাজের অন্যতম জনপ্রিয় সংস্কৃতিমনা এই ব্যক্তিত্বের অকালপ্রয়াণে বাংলাদেশ ও স্কটল্যান্ডের সংস্কৃতিমহল শোক প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন- ন্যাশনাল থিয়েটার স্কটল্যান্ড এর অন্যতম থিয়েটার প্রোডিউসার কারেন আলেন, সাইমন শারকি; বাংলাদেশের নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লাকি ইনাম, রোজি সিদ্দিক অন্যতম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন গ্লাসগোর ভারপ্রাপ্ত সভাপতি ডা. তারেক আব্দুল্লাহ বলেন, মিসেস সারওয়ার সফলতার স্বাক্ষর রেখে গিয়েছেন তার পারিবারিক এবং সমাজ জীবনে। তিনি ছিলেন গ্লাসগো সিভিল সার্ভিসের একজন নিষ্ঠাবান কর্মী, একজন মানবতাবাদী সমাজকর্মী এবং একজন গুণী শিল্পী। তার অকালপ্রয়াণ নিঃসন্দেহে গ্লাসগোর বাংলাদেশি সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত