বাগেরহাটে করোনা পরীক্ষার জিন এক্সপার্ট ল্যাব চালু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১১:৫৮ পিএম

বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের জন্য করোনা পরীক্ষার জিন এক্সপার্ট ল্যাব চালু করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা। এ ল্যাবে শুধু করোনা উপসর্গ নিয়ে আসা মুমূর্ষু রোগীদের পরীক্ষা করা যাবে।

স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা বলেন, ‘জিন এক্সপার্ট মেশিন ব্যবহার করে করোনাভাইরাসের পরীক্ষা অধিকাংশই নির্ভুল ও মাত্র ৪৫ মিনিটে পরীক্ষার ফল পাওয়া যায়। প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান এ পরীক্ষা করবেন। বিভিন্ন ল্যাবের পরীক্ষায় দেখা গেছে শতকরা ৯৭ শতাংশই সঠিক হচ্ছে। ইতিমধ্যে খুলনা বিভাগের ছয় জেলার বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিক জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলাতেও এটি চালু করা হলো। তবে এ মেশিনে দিনে চারটি করে মোট ২০টির বেশি পরীক্ষা করা যাবে না।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত