করোনার প্রভাব ৯৫ শতাংশ নারীর জীবিকায়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১২:০৬ এএম

চলতি বছরের ফেব্রুয়ারিতে মাসিক গড় আয় ছিল ৬ হাজার ২৭৩ টাকা। সেটা করোনাকাল এপ্রিলে কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ টাকা এবং সেপ্টেম্বরে ৪ হাজার ৪০৮ টাকায়। ৯৫ শতাংশ যুব নারীর জীবন ও জীবিকায় কভিড-১৯ ক্ষতিকর প্রভাব ফেলেছে। ৭৬ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী প্রান্তিক পর্যায় ও দূরত্বের কারণে এপ্রিল থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। অ্যাকশন এইড বাংলাদেশ পরিচালিত একটি জরিপে এসব তথ্য উঠে আসে। গত মঙ্গলবার করোনা-পরবর্তী জীবনে ‘যুবদের অ্যাডভোকেসি ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কভিড-১৯-এর প্রভাব’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় জরিপের তথ্য প্রকাশ করা হয়। ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, নীলফামারী, কুড়িগ্রামসহ ১০ জেলার ১৮-৩৫ বছর বয়সী ৫৫০ যুব নারীর ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে প্রাপ্ত ফলাফলে আরও বলা হয়, এ সময় মূল্যস্ফীতির কারণে ঋণ গ্রহণের হার বেড়েছে। ৬৪ দশমিক ৯১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, আর্থিক সংস্থানের জন্য তাদের ঋণ বা ধার করে চলতে হয়েছে। মহামারীজনিত কারণে স্বাস্থ্য ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন ৩৭ শতাংশ। করোনাকালীন গৃহস্থালি কাজের চাপ বেড়েছে বলে মনে করেন ৭৯ শতাংশ। লিঙ্গভিত্তিক সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মহামারীকালে সহিংসতার শিকার নারীদের সহায়তায় পুলিশ এবং স্থানীয় সহায়তার ব্যবস্থা ছিল কি-না সেই প্রশ্নে নেতিবাচক জবাব দিয়েছেন ৩৫ দশমিক ২৭ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত