বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেশের বাইরের ছোঁয়া নেই। খেলোয়াড় থেকে শুরু করে কোচরাও দেশি। কিন্তু বিদেশি কোচ থাকলে তারা যেমন পারিশ্রমিক পান, দেশি কোচরা কি সে রকম পাচ্ছেন? দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ নিয়ে বেশ আক্ষেপ করলেন। কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন গাজী গ্রুপ চট্টগ্রামের এই কোচ। স্থানীয় কোচদের আরও মূল্যায়ন করার অনুরোধও করলেন তিনি।
গতকাল মিরপুর অ্যাকাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পারিশ্রমিক নিয়ে তার ভাবনা জানালেন ঘরোয়া ক্রিকেটের দারুণ সফল এই কোচ, ‘আমি এখানে কোনো পারিশ্রমিক নিচ্ছি না, গাজী গ্রুপে আমি জব করি। তবে অন্য কোচদের পারিশ্রমিকের ব্যাপারে আমি খুব লজ্জিত। সারা জীবনই চেয়েছি বাংলাদেশে যেন কোচরা উঠে আসে, আরও বেশি সাবেক ক্রিকেটার যেন কোচিং করাতে আসে। তারা যেন একটা ভালো মর্যাদা নিয়ে বাঁচতে পারে। আমার কাছে মনে হয়, এ ধরনের পারিশ্রমিকে কখনই কোনো ছেলেকে বলব না তোমরা কোচিংয়ে আসো।’
