স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া চামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে তারা শায়খ আব্দুর রহমান সৃষ্টিকারী গোষ্ঠী, গ্রেনেড হামলা করেছে। স্বাধীনতাযুদ্ধে মা-বোনদের ইজ্জত হরণ করেছে। বিশ্ব খাদ্য সংস্থা আশঙ্কা করছে, এই করোনায় সামনের বছরে বিশ্বে ২শ কোটি মানুষ খাবারের অভাবে পড়তে পারে। কিন্তু বাংলাদেশ ইনশাআল্লাহ খাবারের অভাবে পড়বে না।’
জাহিদ মালেক বলেন, ‘করোনায় আমেরিকার একটি জায়গায় ৩ লাখ, ভারতে দেড় লক্ষাধিক মানুষ, ইউরোপের প্রতিটি দেশে ৫০- ৬০ হাজার লোক মারা গেছে। অথচ আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষ মারা গেছে, যা বিশ্ববাসী প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, দেশে ততদিন উন্নয়ন হবে। দেশে মেট্রো রেল, পায়রাবন্দর, চট্টগ্রামের টানেল নির্মাণ এগিয়ে চলছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের অধীনে উপপ্রকল্প গ্রামীণ অ্যাম্বুলেন্সের এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা রোগ নির্ণয়ের জিন এক্সপোর্ট মেশিনের উদ্বোধন এবং ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা একাডেমিক ভবন ও সাটুরিয়া জিসি নয়াডিংগি-ঢাকা-আরিচা হাইওয়ে ভায়া মহিষালোহা রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার সরকার, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ভারস্কর সাহা, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশারাফুল আলম, সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
