বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার শিরোপার লড়াই।
এদিন দ্বিতীয় কোয়ালিফায়ারের একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে চট্টগ্রাম। অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে রীতিমতো উড়িয়ে দিলেও একাদশে পরিবর্তন আনতে হয়েছে খুলনাকে। পারিবারিক কারণে না থাকা সাকিব আল হাসানের জায়গায় দলে এসেছেন পেসার শহিদুল ইসলাম।
লিগ পর্বে ৮ ম্যাচের ৭টিতেই জিতে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে আসে চট্টগ্রাম। অন্যদিকে জেমকন খুলনা ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে।
তবে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম।
দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ের কথা ধরলে খুলনা কি একটু এগিয়ে থাকছে? আসলে তেমনটা বলার উপায় নেই। কারণ লিগ পর্বে দুই বারের দেখায় দুইবারই চট্টগ্রামের কাছে হেরেছে খুলনা।
প্রথম দেখায় খুলনাকে ৯ উইকেটে হারায় চট্টগ্রাম। দলটির বোলারদের সামনে অসহায় ছিল খুলনার ব্যাটসম্যানরা। মাত্র ৮৬ রানে অলআউট হয় খুলনা। ফিরতি পর্বে ৩ উইকেটে খুলনাকে হারায় চট্টগ্রাম।
সব মিলে দারুণ এক ফাইনালের অপেক্ষায় দর্শকেরা।
একাদশ
জেমকন খুলনা
জাকির হাসান, জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শুভাগত হোম, শামীম হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও আল-আমিন হোসেন।
গাজী গ্রুপ চট্টগ্রাম
লিটন দাস, সৌম্য সরকার, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
