অন্তত একটা স্বর্ণ জয়ের তৃপ্তিতে করোনা জর্জর বছরটা শেষ করলেন দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।
মুজিববর্ষ আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় নিজ ইভেন্ট ৬৪ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন বাংলাদেশ আনসারের মাবিয়া। বছরে এটিই ছিল প্রথম ও শেষ ঘরোয়া ভারোত্তোলন প্রতিযোগিতা।
এসএ গেমসের টানা দুই আসরে দেশকে স্বর্ণ উপহার দেওয়া এই ভারোত্তোলক অবশ্য নিজের সেরার চেয়েও অনেক কম ওজন তুলেছেন। এরপরও অন্য প্রতিযোগীদের পেছনে ফেলেছেন ঢের ব্যবধানে।
অন্যরা তেমন প্রতিদ্বন্দ্বিতা ছোড়ে দিতে পারেননি বলে ১৫০ কেজি ওজন তুলেই সেরা হয়েছেন মাবিয়া। স্ন্যাচে তুলেছেন ৬৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৮৫ কেজি।
এমনিতে স্ন্যাচে সর্বোচ্চ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৬ কেজি ওজন তোলার রেকর্ড রয়েছে মাবিয়ার। দুটি মিলে তার রেকর্ড ১৮৫ কেজি।
তাহলে কি নিজের সেরা অবস্থান থেকে অনেকটা পিছিয়ে গেলেন মাবিয়া? করোনার কারণে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না। পারফরম্যান্সে তাই আগের ছন্দটা এখনো ফিরে পাননি।
তবে এত কম ওজন তোলা প্রসঙ্গে দেশ রূপান্তরকে মাবিয়া বললেন, ‘ওরা আসলে কম করেছে বিধায় আমি লিড দেইনি। একটা একটা করে তুলেই শেষ দিয়েছি। আমার হাতে চারটা লিফট ছিল। যদি ওরা ফাইট করতো, আমিও ফাইট করতাম।’
এই ইভেন্টে বাংলাদেশ আনসারের সুমাইয়া আক্তার জিতেছেন রুপা ও বাংলাদেশ সেনাবাহিনীর দিলারা পারভিন জিতেছেন ব্রোঞ্জ।
বাংলাদেশ ভারোত্তোলক ফেডারেশনের সহযোগিতা ও বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী এই আসর অনুষ্ঠিত হচ্ছে বনানীর সেনাবাহিনী জিমনেসিয়ামে।
