কঠোর রাজতন্ত্র অবমাননা আইন সংশোধন করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে এই আইন অন্তত ৩৫ জন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সীরাও রয়েছে। এই আইনের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। গত শুক্রবার এই আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাভিনা সামদাসানি শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং শান্তিপূর্ণ জমায়েতের অধিকার প্রয়োগের কারণে কারও বিরুদ্ধে এই ধরনের মারাত্মক অপরাধের অভিযোগের ব্যবহার বন্ধ করতে আমরা থাইল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
থাইল্যান্ডের রাজ অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবে, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি। থাই রাজতন্ত্রে রাজা, রানী, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা করলে নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে। ওই আইনের আওতায় সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
