রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান শামীম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে এক আনন্দ শোভাযাত্রা বের করে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
এ সময় তারা বলেন, খুব অল্প সময়ে দেশ রূপান্তর গণমানুষের কাছে পৌঁছে গেছে। তৃণমূল থেকে তারা সংবাদ বের করে আনতে সক্ষম হয়েছে। সমাজের নানা অসঙ্গতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ‘বালিশকাণ্ডের’ মতো এমন আরো অনেক অজানা সংবাদ পরিবেশিত হোক দেশ রূপান্তরের পাতায়।
ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা দৈনিক দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে।
এ সময় উপস্থিত ছিলেন রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান, রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, রাবি সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ নুরুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আজম হোসেন প্রমুখ।
