বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে একটি শাখা স্থাপনের জন্য সম্প্রতি বাংলাদেশ রপ্তানি অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৪ ডিসেম্বর হোটেল সোনারগাঁওয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান; জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী। বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
ব্র্যাক ব্যাংক এই নতুন শাখা স্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সবরকম ব্যাংকিং এবং চাহিদা অনুযায়ী আর্থিক সেবা দেবে।
অনুষ্ঠানে বেজার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কেন্দ্রের লেনদেন ত্বরান্বিত করতে বিকাশ এবং বেজার মধ্যেও একটি চুক্তি হয়। ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ, বেজার ওএসএস কেন্দ্রের কার্যক্রম ত্বরান্বিত করবে।
