দেশের বহু জাতীয় দৈনিকের ভিড়ে মাত্র ২বছরে দেশ রূপান্তর পাঠকের মন কেড়ে নেওয়া সত্যিই অবিশ্বাস্য। এর পেছনে রয়েছে সঠিক সংবাদ পরিবেশন ও দুর্নীতির খবরকে প্রাধান্য দেওয়া। আজকাল বিশেষ রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দিতে গিয়ে পাঠক যখন খবরের পেছনে খবর খুঁজে পাচ্ছে না। ঠিক কখনই দেশ রূপান্তরের জন্ম। শত সীমাবদ্ধ থাকা সত্ত্বেও জন্মলগ্ন থেকেই এই পত্রিকাটি তথ্য বহুল সংবাদ পরিবেশন করে কৌতূহল পাঠকের মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে।
সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।
বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, হবিগঞ্জ বারের সভাপতি আবুল মনসুর চৌধুরী অ্যাডভোকেট, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউস।
বক্তারা বলেন, বর্তমান ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেই প্রিন্ট মিডিয়াকে বেঁচে থাকতে হবে। বালিশ ও পর্দা কেলেঙ্কারি মতো ঘটনাকে অনুসন্ধান করে বের আনার কারণেই আজ দেশ রূপান্তর ঈর্ষণীয় পাঠক প্রিয়তা অর্জন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী। সাংবাদিক শাকিলা ববির উপস্থাপনায় অন্যান্যের বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজার তবারক লস্কর,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা অনুপ কুমার দেব মনা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান, ৭১ টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, হবিগঞ্জ হকার্স সমিতির সভাপতি কামাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন পরিবেশ রাখার অবদানের জন্য মো. রায়হান ও রক্ত সংগ্রহ ও প্রায় ৫ শতাধিক স্বাভাবিক শিশু প্রসব করানোর প্রক্রিয়ায় অবদানের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সানজানা সাঞ্জুকে দেশ রূপান্তরের প্রতিনিধি শোয়েব চৌধুরীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা দেশ রূপান্তরের জন্মদিনের কেক কাটেন।
