দণ্ডিত আসামি ৪ শর্তে কারাগারের বদলে থাকবেন নিজ বাড়িতে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০৮:০৯ পিএম

সাতক্ষীরায় মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমাম হোসেন কারাগার নয়, থাকবেন বাড়িতে। ৪টি শর্তে তিনি আদালতের এই সুযোগ লাভ করেছেন।

এই মামলায় অংশ নেওয়া আইনজীবী জানান, সোমবার সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) ইয়াসমিন নাহার এই রায় প্রদান করেন। এ সময় আসামি ইমাম হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

২০১৮ সালে ১ কেজি গাঁজা সহ সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমাম হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার হন। এই মামলায় তিনি দীর্ঘদিন জেলে আটক ছিলেন। পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দেয়।

বিচারে ইমাম হোসেনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ মাসের কারাদণ্ড দেন। তবে ৪টি শর্তে তিনি কারাগারে না থেকে বাড়িতে থাকতে পারবেন বলে আদালতের নির্দেশনায় বলা হয়। শর্ত গুলির মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে ১০টি করে গাছের চারা রোপণ, এলাকায় মাদক বিরোধী প্রচার অভিযান চালানো, বাবা মায়ের সেবা করা এবং মাদক গ্রহণ না করা। প্রবেশন আইনের মাধ্যমে এই বিষয়টি ৬ মাস পর নিষ্পত্তি করা হবে।

অ্যাডভোকেট মো. সাইফুল্লাহ বলেন, আদালত একটি যুগান্তকারী রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ৪টি শর্তে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন।

অপরদিকে সাজাপ্রাপ্ত আসামি ইমাম হোসেন জানান, তিনি এই রায়ে অত্যন্ত খুশি। শর্ত অনুযায়ী তিনি মাদক বিরোধী প্রচারণাসহ সবগুলি কাজ করে আদালতকে অবহিত করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত