‘তাকদীর’-এ আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে: চঞ্চল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১১:১৫ পিএম

১৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম  ‘হইচই’য়ে মুক্তি পায় ওয়েব সিরিজ তাকদীর। সিরিজটি প্রকাশের সঙ্গে সঙ্গেই চারদিকে শোরগোল পড়ে যায়। বিশেষ করে তাকদীরের প্রধান চরিত্র চঞ্চল চৌধুরী প্রশংসায় ভাসতে থাকেন।  ‘তাকদীর’ হয়ে চঞ্চলের ক্যারিশমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা।

এতসব প্রশংসায় আনন্দিত চঞ্চল চৌধুরীও। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘কষ্ট করে কোনো কাজ করার পর যখন প্রশংসা পাই তখন আমার আনন্দটা একটু বেশিই হয়ে থাকে। শুধু আমি নই, কাজের প্রশংসা পেলে সবারই ভালো লাগে। শুটিংয়ের অভিজ্ঞতাও অনেক ভালো।  হইচইয়ের মতো বড় প্ল্যাটফর্মে কাজটা প্রদর্শিত হয়েছে। সেটাও আরেকটা আনন্দের বিষয়। আমি আমার সবটা দেওয়ার চেষ্টা করেছি। এখন প্রশংসা পাওয়ার পর মনে হচ্ছে পরিশ্রম স্বার্থক হয়েছে।’

চঞ্চল আরও বলেন, ‘দর্শকদের যে হারে সাড়া পাচ্ছি, তেমনি কিছু দর্শক ফ্রি লিঙ্কও চাচ্ছেন। যখন কেউ ফ্রি লিঙ্ক চান তখন খারাপ লাগে। আমি আশা করব, দর্শকরা মূল্য দিয়েই কাজটা দেখবেন। আরেকটা কথা বলে রাখি, এরকম একটা প্ল্যাটফর্ম যদি আমাদের দেশে থাকতো এবং সেখানে এটি প্রচার হতো তাহলে আমার আরও ভালো লাগতো।’

তাকদীর এ দেখা যায়, বিখ্যাত ক্রাইম রিপোর্টার আফসানা আনজুম নিখোঁজ। কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। ঘটনাক্রমে একদিন লাশবাহী ফ্রিজার ভ্যানের ভেতর পাওয়া গেল তার রক্তাক্ত মৃতদেহ। তাকদীর সেই ফ্রিজার ভ্যানের চালক। গাড়ির ভেতর মরদেহ দেখে আঁৎকে ওঠে সে। বার বার একই প্রশ্ন আওড়ায়, লাশটি কোথা থেকে এলো? এই লাশ নিয়ে ঘোর সংকটে পড়ে যায় তাকদীর ও তার সহচর মন্টু। এখন খুনের দায় থেকে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে তাকদীর সেটাই দেখার। ঠিক এরকম একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘তাকদীর’। এতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সানজীদা প্রীতিকে। নাম-ভূমিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী।  আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এটি চঞ্চলের প্রথম কাজ।

‘তাকদীর’ যৌথভাবে পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম। চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত