২০১৯ সালের ম্যাক্স-বিএসপিএ স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেকান্দার আলী।
মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান।
পাঁচ সদস্যের স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘তওফিক আজিজ খান ট্রফি’ এবং ৫০ হাজার টাকার চেক জিতে নেন সেকান্দার আলী।
এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপনডেন্ট মোহাম্মদ ইসাম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।
ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা পঞ্চমবারের মতো আয়োজন করে এই স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান। এবার আরো তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।
২০১৯ সালে সাক্ষাৎকার ক্যাটাগরিতে সেরা হয়ে ‘আতাউল হক মল্লিক ট্রফি’ জিতেছেন ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপনডেন্ট মোহাম্মদ ইসাম।
এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ডিবিসি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা জহির।
ফিচার বা ডকুমেন্টারি ২০১৯ ক্যাটাগরির সেরা হিসেবে ‘রণজিৎ বিশ্বাস ট্রফি’ জিতেছেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার রানা আব্বাস। এই বিভাগে প্রথম রানার-আপ দৈনিক প্রথম আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার বদিউজ্জামান এবং দ্বিতীয় রানার-আপ দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।
স্পোর্টস ফটোগ্রাফি ২০১৯ ক্যাটাগরিতে সেরা হয়ে ‘বদরুল হুদা ট্রফি’ জিতেছেন দৈনিক কালের কণ্ঠের স্পেশাল ফটো জার্নালিস্ট মীর ফরিদ। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ডেইলি স্টারের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ এবং দ্বিতীয় রানার-আপ দৈনিক প্রথম আলোর স্পেশাল ফটো জার্নালিস্ট শামসুল হক টেংকু।
অনুষ্ঠানে দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী এবং মাহমুদুল হাসান শামীমকে দীর্ঘ সময় ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেওয়া হয়।
বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, সাবেক সভাপতি দুলাল মাহমুদ, মো. হাসান উল্লাহ খান রানা, মোস্তফা মামুন প্রমুখ।
