ঢালিউডের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও নির্মাতা আলমগীর। পর্দায় তার ব্যক্তিত্বসম্পন্ন উপস্থিতি সবসময়ই দর্শককে মুগ্ধ করে। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
‘বিশ্বসুন্দরী’তে সাড়া...
এখন আগের মতো নিয়মিত অভিনয় করি না। আমার চরিত্রে যদি বিশেষ কিছু করার সুযোগ দেখি তাহলেই অভিনয় করি। তার আগে পুরো গল্প, নির্মাতা, প্রযোজনা সংস্থা সবকিছু দেখি। আমার পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে অভিনয়ের পর আর করা হয়নি। এরপর ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় কাজ করেছিলাম দীর্ঘদিন পর। বলতে গেলে সিনেমাটিতে আমি অতিথি চরিত্র। তবে পুরো আয়োজন আমার মনে ধরেছিল বলেই কাজটি করেছি। কারণ ভালো সিনেমা হলে চরিত্র কতখানি, কটি দৃশ্যে কাজ করলাম সেগুলো কেউ মনে রাখে না। আর সিনেমাটিই যদি মানসম্মত না হয় তাহলে প্রধান চরিত্রে অভিনয় করলেও দর্শকের মনে দাগ কাটে না। আমার বিবেচনা ঠিক ছিল, সেটা দেখতেই পাচ্ছে দর্শকরা। এ করোনাকালেও শুনলাম ‘বিশ্বসুন্দরী’ দেখার জন্য দর্শক ভিড় করছে। অনেকে আমাকে ফোন ও মেসেজে সিনেমাটিতে অভিনয়ের প্রশংসা করছে। এগুলোর জন্যই তো কাজ করি। খুব ভালো লাগছে।
নতুন সিনেমা...
করোনাকালে সত্যি বলতে খুব বেশি সাবধানতা মেনে চলেছি, এখনো চলছি। কারণ প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে। যদিও সেদিকে এখন আর কারও মাথাব্যথা নেই। নিও-নরমালের সঙ্গে সবাই নিজেকে মানিয়ে নিয়েছে। তাই আমি সম্প্রতি একটি নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। নাম ‘শান্ত কেন অশান্ত’। সিনেমাটি পরিচালনা করবেন গুণী পরিচালক শাহ আলম কিরণ। এতে নতুন দুজন নায়ক-নায়িকাকে দেখা যাবে। গল্প শুনে যতটা মনে হয়েছে, এটি রোমান্টিক ও ফোক ঘরানার মুভি হবে। এখানে আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের ফেব্রুয়ারিতে শ্যুটিং শুরুর কথা রয়েছে। এখন চিত্রনাট্য ও প্রি প্রোডাকশনের কাজ চলছে। আমি চরিত্রটির জন্য নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছি। এ পর্যন্ত অনেক মুভিই তো করলাম, দর্শকপ্রিয়ও হয়েছে। আশা করছি এ মুভিও সবার পছন্দ হবে।
অবসরে...
অভিনয় কমিয়ে দেওয়ার পর ব্যবসাতেই বেশি সময় দিতে হয়। কিন্তু করোনাকালে এখন আর অফিসে বসা হয় না। ঘরে বসেই যতটুকু সম্ভব কাজ করি। এর বাইরে পুরোটা সময়ই তো অবসর। টিভি দেখি, খবর, খেলাধুলা আমার প্রধান প্রায়োরিটি। এছাড়া গান খুব ভালোবাসি। গান শুনতে শুনতে সময় কেটে যায়।
