তারাব পৌর নির্বাচন

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর এক প্রস্তাবকারী মনোনয়নপত্র বাতিল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:০৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ে দুই প্রার্থীর প্রস্তাবকারী একজন হওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান।

 এ সময় আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থীর প্রার্থিতার বৈধতা দেওয়া হয়।

মতিয়ুর রহমান জানান, তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭ জন। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসিনা গাজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আবু সাঈদ মনোনয়নপত্র জমা দেন। গতকাল সন্ধ্যায় যাচাই-বাছাই শেষে বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রস্তাবকারী একই ব্যক্তি হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। অন্যদিকে সব কাগজপত্র ঠিক থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসিনা গাজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আবু সাঈদের প্রার্থিতা বৈধতা দেওয়া হয়।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জনের মধ্যে ১ জনের প্রার্থিতা বাতিল করা হয় এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ১২ জনের মধ্যে ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। বয়স ২৫ বছরের কম হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয় বলেও জানান তিনি।

এই কর্মকর্তা জানান, বিধিমালার ১২ বিধি অনুসারে কোনো ভোটার প্রস্তাবকারী হিসেবে অথবা সমর্থনকারী হিসেবে মেয়র অথবা সংরক্ষিত আসনের কাউন্সিলর বা সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পদে একটির অধিক মনোনয়নপত্রে তার নাম ব্যবহার করলে ওই মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হবে।

তবে বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ষড়যন্ত্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমার প্রস্তাবকারী দিলবার হোসেনের স্বাক্ষর জাল করে এ অবৈধ কাজটি করা হয়েছে। আমি এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব দেশ রূপান্তরকে বলেন, আমার প্রস্তাবকারী দিলবার হোসেনকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছেন নাসির উদ্দিন। এ কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। আমি এ ব্যাপারে আদালতে মামলা করব।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তারাব পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর মঙ্গলবার, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর বুধবার ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি শনিবার। এখানে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩টি। মোট ভোটকেন্দ্র ৪৩টি, মোট ভোটকক্ষের সংখ্যা ২৮২টি। মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯, এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১৫১ ও মহিলা ভোটার ৪১ হাজার ১১৮।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত