বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে ‘ঘ’ বিভাগ রাখার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০২:৪৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করার দাবি করেছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে সকল বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন-সমাবেশে এ দাবি করা হয়।

দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় তাদের দাবির সমর্থনে নানা স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা বলেন, ১৯টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন (ঘ) ইউনিট বাতিল করে ছাত্রদের স্বার্থবিরোধী কাজ করেছে। দেশে লাখো শিক্ষার্থী ইতোমধ্যে ‘ঘ’ ইউনিটে পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু হঠাৎ করে বিশ্ববিদ্যালগুলোর এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

এমন অবস্থায় তারা বিভাগ পরিবর্তন ইউনিট তথা ‘ঘ’ ইউনিট বহাল রাখার দাবি জানান।

পরে তারা নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত