ভোলা সদর উপজেলার জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে বাজরের কালিমুল্লার কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে করে বাজারে অবস্থিত ইলিশা নৌ-থানার অফিসসহ মুদি, ওষুধ, হার্ডওয়্যার, তেল, হোটেল, কাঠসহ বিভিন্ন রকমের ২৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি এনায়েত হোসেন বলেন, প্রায় ২৪টির মত দোকান পুড়ে গেছে, তবে কীভাবে এর সূত্রপাত ঘটেছে এখনো জানা যায়নি।
