টেস্ট, ওয়ান ডে, টি-২০, টি-১০, থ্রি-টিমস ক্রিকেট এবং ইসিবির প্রস্তাবিত দ্য হান্ড্রেডের কথাও জানা হয়ে গিয়েছে ক্রিকেটবিশ্বের। ইনডোর ক্রিকেটের ঢঙে এবার ব্যাট-বল হাতে ব্যক্তিগত লড়াইয়ে একে-অপরের বিরুদ্ধে আজ থেকে দুবাইয়ের কোকাকোলা এরিনায় খেলতে নামবেন যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, ওয়েন মরগ্যান, আন্দ্রে রাসেল, রাশিদ খানরা। ৯ দিনের টুর্নামেন্টের নাম আলটিমেট ক্রিকেট চ্যালেঞ্জ।
৬ জন ক্রিকেটার একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে লড়বেন। ১৫ বলের ২টি করে ইনিংসে ব্যাট করার সুযোগ পাবেন তারা। ব্যাট এবং বল দু’টিই করতে হবে। যদিও বোলিংয়ের সময় সর্বোচ্চ ৭টি বল অন্য ক্রিকেটারকে দিয়ে করানো যেতে পারে। একজন উইকেটকিপার ও একজন বাড়তি ফিল্ডার মাঠে নামানো যাবে। স্পিন বা পেস, যে কোনো ধরনের বলই করা যাবে।
ক্রিকেটাররা দৌড়ে রান নিতে পারেন। এছাড়া ১, ২, ৩, ৪ ও ৬ রানের আলাদা আলাদা জোন ভাগ করা থাকবে। বোলারের পেছনে বুলস আইয়ে বল মারতে পারলে ১২ রান যোগ হবে। সঙ্গে অতিরিক্ত একটি বলও পাওয়া যাবে। যতবার আউট হবেন কোনো ক্রিকেটার, তার সংগ্রহ থেকে ৫ রান করে বাদ দেওয়া হবে। ক্যাচ, বোল্ড, রান-আউট, হিট-উইকেট প্রভৃতির সঙ্গে বোলার ডট বল করলেও তা উইকেট হিসেবে বিবেচিত হবে।
ম্যাচ জিতলে ২ পয়েন্ট। সংগৃহীত পয়েন্টের নিরিখে চার জন ক্রিকেটার সেমিফাইনালে যাবেন। সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে একই দিনে।
