উখিয়ায় অপহরণের ৮ ঘণ্টা পর সিপিপি কর্মী উদ্ধার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০১:২৩ পিএম

উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘চাঁদার দাবিতে’ অপহৃত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে (৩৬) উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে রোহিঙ্গারা। এরপর স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নানামুখী তৎপরতা শুরু করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় ৮ ঘণ্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হন তারা।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান অধিনায়ক মো. হেমায়েতুল ইসলাম।

ভিকটিম মোহাম্মদ হোসেন উখিয়ার বাসিন্দা এবং কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত