করোনাকালে সীমিত পর্যায়ে ৫০ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছেন এবং পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন। ওমরাহ পালন ও নামাজ আদায়কারীদের কারও করোনা শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. মুহাম্মাদ সালেহ বেনটিন। গত ২৩ ডিসেম্বর মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে এ খবর জানান।
গত মার্চ থেকে ওমরাহর সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার। জুলাই মাসে কেবলমাত্র এক হাজার মুসল্লি কঠোর স্বাস্থ্যবিধি মেনে ইতিহাসের স্মরণীয় হজ পালন করেন। ২২ সেপ্টেম্বর করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে চার ধাপে সীমিত পর্যায়ে ওমরাহ চালুর পরিকল্পনা করে সৌদি সরকার। এরপর ৪ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম ধাপে ১৪ দিনে ৮৪ হাজার মুসল্লি ওমরাহ পালন করেন।
দ্বিতীয় ধাপে ২ লাখ ১০ হাজার ওমরাহ পালন করেন। ১ নভেম্বর তৃতীয় ধাপে বাইরের দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হয়। এতে প্রতিদিন ২০ হাজার মুসল্লি ওমরাহ ও ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখন পর্যন্ত মোট ৫০ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালন এবং মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন।
ওমরাহ পালন এবং মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় ও মদিনার মসজিদে নববিতে রওজা পরিদর্শনের জন্য ‘ইতামারনা’ অ্যাপের সাহায্যে আবেদন করতে হয়। এরপর নির্ধারিত সময়ে আবেদনকারীদের ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়।
