ভিডিও প্রকাশের হুমকি দিয়ে কয়েক বছর ধরে ধর্ষণ!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০২:১৫ এএম

দিনাজপুরের বীরগঞ্জে এক নারীকে সরকারি সুবিধা দেওয়ার কথা বলে কয়েক বছর ধরে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী বীরগঞ্জ থানায় মামলা করার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার (৪৯)। পুলিশ বলছে, তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। 

মামলার এজাহারে অভিযোগকারী ওই নারী উল্লেখ করেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি তার বাবার বাড়িতে থাকেন। প্রায় পাঁচ বছর আগে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার তাকে সরকারি সাহায্য-অনুদান দেওয়ার কথা বলে ও বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন ও তার ভিডিও ধারণ করেন। একই সঙ্গে এই কথা জানাজানি হলে পরিবারসহ তাকে হত্যার হুমকি দেন। পরে বিয়ের প্রলোভন দিয়ে ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আরও তিন বছর ধরে ধর্ষণ করেন।

ওই নারী বলেন, এক পর্যায়ে আব্দুল খালেক সরকারের আচরণ ও ব্যবহার অসহনীয় হয়ে পড়লে তিনি সৌদি আরবে চলে যান। সেখান থেকে চলতি বছর দেশে ফেরার পর গত ২২ ডিসেম্বর ফের তিনি ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ওই নারী চেয়ারম্যান আব্দুল খালেক সরকার ও সহকারী আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করেন।

মামরার পর থেকে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক পলাতক আছেন। গত বুধবার তার গ্রেপ্তারের দাবিতে বীরগঞ্জে সাধারণ মানুষ মানববন্ধন করেছেন।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন, ‘এই ঘটনায় ওই নারী থানায় একটি মামলা করেছেন। আসামি আব্দুল খালেক সরকার পলাতক আছেন। পুলিশ এবং ডিবি পুলিশ চেষ্টা চালাচ্ছে আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত