দ্বিতীয় টেস্টের একদিন আগেই চূড়ান্ত একাদশ ঘোষণা করে দিল ভারত। শনিবার বক্সিং ডে টেস্টে অভিষেক হবে শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজের।
২১ বছর বয়সী গিল পৃথ্বী শ’য়ের পরিবর্তে মাঠে নামবেন। গোলাপি বলে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে তিনি করতে পারেন ৪।
অন্যদিকে সিরাজ দলে ঢুকেছেন মোহাম্মদ শামি ছিটকে যাওয়ায়। ইনজুরির কারণে সিরিজই শেষ হয়ে গেছে অভিজ্ঞ পেসারের।
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা ৩৮ ম্যাচে ২৩ গড়ে ১৫২ উইকেট রয়েছে সিরাজের ঝুলিতে। যশপ্রিত বুমরাহ ও উমেশ যাদবের সঙ্গে মেলবোর্নে তিনিও সামলাবেন ভারতের পেস ডিপার্টমেন্ট।
দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে। ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।
প্রথমবার বাবা হওয়ার অপেক্ষায় থাকা বিরাট কোহলি ছুটি নেয়ায় অধিনায়ক হচ্ছেন আজিঙ্কা রাহানে।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসে দলীয় সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছিল তারা।
ভারত দল: আজিঙ্কা রাহানে, শুভমান গিল, মায়ানক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অশ্বিন, উমেশ যাদব, যশপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
