শীতার্তদের পাশে শেকৃবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০৮:০২ পিএম

শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’।

বৃহস্পতিবার রাত ১০টায় শেকৃবির কৃষি অনুষদের সামনে থেকে শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচির শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান করা অসহায়দের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম।

এরপর একোয়াকালচার বিভাগের শিক্ষক মীর মোহাম্মদ আলীর নেতৃত্বে সংগঠনটির একদল স্বেচ্ছাসেবী বেরিয়ে পড়েন শীতবস্ত্র বিতরণ করতে।

তারা বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুরু করে রাত ৩টা পর্যন্ত ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, আজিমপুর, বিজয় সরণি এবং কলেজগেটের ফুটপাতে শুয়ে থাকা ১১৪ পথশিশু ও অসহায়কে কম্বল দেন।

সংগঠনটির অর্থ-সম্পাদক সৌগত সাহা দেশ রূপান্তরকে জানান, মানবিকতা, নিজস্ব দায়িত্ববোধ ও আবেগের জায়গা থেকে আমরা প্রতি বছরই শীত উষ্ণতা বিলিয়ে দিই ছিন্নমূল মানুষদের মাঝে। রাস্তার পাশে থাকা মানুষদের দুঃখ-কষ্ট অনুধাবন করে এ বছরও আমরা ১১৪টি কম্বল দিয়েছি, আরো দু শ  গরম কাপড় বিতরণ করব।

শিক্ষক নুর মোহাম্মদ আলী বলেন, যারা উষ্ণতা বিতরণে শারীরিক মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য শুভকামনা। সর্বোত্তম কাজের মধ্যে মানবসেবা একটি।

যার যার অবস্থান থেকে সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, শীতের মাঝে উষ্ণতা বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ কাজ। শখের বশে ৩০০ টাকা দিয়ে কফি খাই, কিন্তু একটু স্যাক্রিফাইস করলে অসহায় মানুষদের জন্য ৩০০ টাকা দিয়ে দুইটি কম্বল বিতরণ করা সম্ভব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত