১৫ বছর অতিক্রম করে ১৬ বর্ষে পর্দাপণ করছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। ২৬ ডিসেম্বর শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেলটি।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘শুরুতেই আমি চ্যানেলটির সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী ও ক্যাবল অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। সকলের সম্মিলিত চেষ্টায় আমরা ১৫ বছর অতিক্রম করে ১৬তম বর্ষে পদার্পণ করতে পেরেছি। আমরা সবসময় দর্শকদের পছন্দের প্রতি যত্নশীল। ২৫ থেকে ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন বছরকে কেন্দ্র করে আমরা সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন রেখেছি।’
নতুন বছরে কি ধরনের অনুষ্ঠান থাকবে সে বিষয়ে আশিক রহমান বলেন, ‘নতুন বছরের চমক হিসেবে থাকবে বউ শ্বাশুড়ির টক মিষ্টি ঝাল সম্পর্ক নিয়ে ‘বউ কথা কও’, ধারাবাহিক নাটক ‘অফ দ্য রেকর্ড’, ‘টুইন ভিলেজ’সহ একাধিক আয়োজন।’
আরটিভির অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘আরটিভি দর্শকদের একটি জীবন যাপনের সহযোগী চ্যানেলে পরিণত হয়েছে। নাটকে আমরা সবসময় নতুনত্বকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। মিউজিক স্টেশন, ফোক স্টেশন, ফোক স্টুডিও, বাংলার গায়েনসহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গানের প্রতি আমরা বিশেষ যত্ন বজায় রাখছি, এতে যেমন নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে তেমনি দর্শকরাও তাদের বিনোদন পাচ্ছেন। সিনেমাসহ বিনোদনের পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য সমান ভাবে কাজ করে যাচ্ছি।’
করোনাকালে আরটিভির কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘সমগ্র বিশ্বে যখন করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লো তখন আমরা সিদ্ধান্ত নিলাম, সাধারণ জনগণকে সচেতন করতে হবে। করোনা প্রতিরোধের পদ্ধতিগুলো জানাতে হবে। চিকিৎসা সম্পর্কে জানাতে হবে। তখন আমরা শুরু করলাম ‘করোনা হেল্প লাইন’, ‘এই মুহূর্তের বাংলাদেশ’ নামে সম্পূর্ণ নতুন ২টি চিকিৎসা ও পরামর্শমূলক অনুষ্ঠান। নিয়মিত অনুষ্ঠানগুলোতেও সাধারণ মানুষের সচেতনতা, চিকিৎসা ও করণীয় বিষয়কে গুরুত্ব দিতে শুরু করলাম।’
সবশেষে তিনি বলেন, ‘দর্শকের প্রয়োজনে আমরা তাদের পাশে থাকতে পেরেছি বলেই দর্শকরাও আমাদের পাশে থেকেছেন। আরটিভি দেখেছেন। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতেও দর্শকরা আমাদের পাশে থাকবে।’
