নাটোরের সিংড়ায় মনোনয়ন ফরম তোলার দিন থেকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসান আহম্মেদ নিখোঁজ হয়েছেন। আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে হাসান আহম্মেদ নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার। তিনি পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত নুরশেদ প্রামাণিকের ছেলে।
হাসান আহম্মেদ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী শর্মিলা আক্তার সাথী বলেন, হাসান আহম্মেদ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাননি। পরে ওই দিন রাতেই সিংড়া থানায় জিডি করেন তিনি।
