দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নাকে খদ দিতে হবে: শামীম ওসমান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেন, যারা দেশের মানচিত্র বদলাতে চায়, দেশের ভবিষ্যৎ নষ্ট ও দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে আরেকটি লড়াই করতে হবে। একাত্তরের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের কথা মনে করে প্রস্তুত হোন, যারা একান্তরের পরাজয় মেনে নিতে পারেনি তাদের আবার পরাজিত করতে হবে। দেশের স্বাধীনতা ও ভূখণ্ড জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোন আপস হবে না।

শনিবার কদমতলী নাভানা ভূঁইয়া সিটি বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামীম ওসমান বলেন, আগামী দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যেখানে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে, সেই নারায়ণগঞ্জে এমন জনসভা করবো, যার আওয়াজ পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেক কোনায় কোনায় পৌঁছে যায়। যারা দেশের বিরুদ্ধে, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে খেলতে চায়, তারা যেন সেই আওয়াজ শুনতে পায়। 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে শামীম ওসমান আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ না। তিনি সারা বাংলাদেশের মানুষ ও নতুন প্রজন্মের ভবিষ্যৎ। জাতির জনক বঙ্গবন্ধু প্রমাণ করে গেছেন, জনগণ সঙ্গে থাকলে কোন অপশক্তি ও ষড়যন্ত্রকারী কিছুই করতে পারে না। তাই যারা দেশ নিয়ে খেলছে তারা একাত্তরের মত নাকে খদ দিতে হবে। কারণ, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে দেশের জনগণ আছে।

শামীম ওসমান বলেন, আমি প্রশাসনের ওপর ভরসা করে রাজনীতি করার এমপি না। আমরা নারায়ণগঞ্জবাসী পুলিশ প্রশাসনকে সাহায্য করব, তাদের কাজ থেকে কোন সাহায্য নেব না। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, কাউন্সিলর মতিউর রহমান মতি, আলী হোসেন আলা, শাহজালাল বাদল, ইফতেখার আলম খোকন, ওমর ফারুক, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম,মহিলা লীগ নেত্রী চম্পা ভূঁইয়া ও স্বর্ণালীসহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত