সংবাদ সম্মেলনে শফীর শ্যালক

জুনায়েদ বাবুনগরী মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:০৮ এএম

হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী ও তার অনুসরীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদী মঈন উদ্দিন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আহমদ শফীর শ্যালক মঈন উদ্দিন।

শফীর মৃত্যুর এক মাস পর তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে গত ১৭ ডিসেম্বর হেফাজতের যুগ্ম সম্পাদক মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন মঈন উদ্দিন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে মঈন বলেন, ‘আদালতে মামলা হয়েছে। পিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছে। তদন্তে দোষীরা চিহ্নিত হবেন। জুনায়েদ বাবুনগরী দোষী সাব্যস্ত হলে তার শাস্তি ও ফাঁসি চাই। আর যদি তিনি নির্দোষ হন তাহলে আমাদের কোনো রাগ কিংবা অভিমান নেই। কিন্তু দুঃখের বিষয়, জুনায়েদ বাবুনগরী ও তার অনুসরীরা এখনই মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘যদি তারা নির্দোষ হয়ে থাকেন তাহলে আমাদের মামলা প্রত্যাহারে কেন হুমকি দেওয়া হচ্ছে? আমরা তাদের হুমকির প্রতিবাদ জানাচ্ছি এবং মামলাটি দ্রুত বিচার আইনে করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

বাদী মঈন উদ্দিন বলেন, ‘গত ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় কী ঘটেছে তা সবাই জানে। কওমি ভিশন নামে অনলাইন টিভির মাধ্যমে জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করে সবকিছু লাইভ প্রচার করেছেন। সে সময় আহমদ শফীর রুম কীভাবে ভাঙচুর এবং লুট করা হয়েছে তা সবাই দেখেছেন।’ জুনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে সেদিন মহাপরিচালক পদ থেকে আহমদ শফীকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত