আরও এক বছর রেল সচিব থাকছেন সেলিম রেজা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩১ এএম

চুক্তিতে আরও এক বছর রেলপথ মন্ত্রণালয়ের সচিব থাকছেন মো. সেলিম রেজা। অবসরোত্তর ছুটি বা পিআরএল স্থগিতের শর্তে এ নিয়োগ দিয়ে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে আরও চারজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরই সেই আদেশ সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে মোকাব্বির হোসেনকে বাদ দিয়ে বাকি চারজনের পদোন্নতি বহাল রাখা হয়। মোকাব্বিরকে চলতি সপ্তাহেই সচিব পদে নিয়োগ করা হতে পারে বলে জানা গেছে।

এদিকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সচিব মো. ফজলুল বারী রাষ্ট্রদূত হচ্ছেন। সচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া এ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কোনো একটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত