যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ১৪৪ জন বাড়িতে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৫৫ এএম

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত এবং সংক্রমণ ব্যাপক হওয়ার পরিপ্রেক্ষিতে বিশে^র বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেও দেশটি থেকে বাংলাদেশি প্রবাসীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে ১৬৭ যাত্রী সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাদের মধ্যে ১৪৪ জন সিলেটের এবং অন্যরা একই ফ্লাইটে ঢাকায় গেছেন। সিলেটের ১৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনের (যার যার বাড়িতে একা থাকা) নির্দেশ দেওয়া হয়েছে। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, যে ১৪৪ জন যাত্রী সিলেটে এসেছেন, তাদের প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। তাই তাদের হোম কোয়াইরেন্টাইনের নির্দেশ দিয়ে বাড়িতে যেতে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এই সার্টিফিকেট দেখে তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে আসা প্রবাসীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

ওসমানী বিমানবন্দরের কর্মকর্তারা জানান, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটটি গতকাল ১২টা ১০ মিনিটে সিলেটে এসে পৌঁছে। এর আগে গত বৃহস্পতিবার বিমানের আরেকটি ফ্লাইটে সিলেটে আসেন ১৬৫ জন যাত্রী। তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। চলতি ডিসেম্বর মাসে সব মিলে ১ হাজার ১৬৪ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত