থার্টিফার্স্ট নিয়ে পুলিশের ১৩ নির্দেশনা

ছাদেও উৎসবে না

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৬:১৪ এএম

ভবনের ছাদে উৎসবে আয়োজনে নিষেধাজ্ঞাসহ থার্টিফার্স্ট বা ইংরেজি নববর্ষ উদযাপনের ক্ষেত্রে ১৩ দফা নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোসহ যেকোনো ধরনের অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ দফা নির্দেশনাসহ এ অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরনের আশঙ্কা রোধকল্পে ঢাকা মহানগর পুলিশ বদ্ধপরিকর। উপর্যুক্ত নির্দেশনা পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুসারে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। কতিপয় ব্যক্তি আনন্দের আতিশয্যে পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা/দুর্ঘটনা ঘটিয়ে অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব ঘটায়। ক্ষেত্রবিশেষে প্রকাশ্যে অভদ্রজনোচিত আপত্তিকর আচরণ করে থাকে। এসব নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি করে। নগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সেগুলো হলো ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে ও প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না। খোলা জায়গায় নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না, এমনকি নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে শাহবাগ ক্রসিং দিয়ে ঢুকতে হবে। তবে পরিচয় দিয়ে নীলক্ষেত ক্রসিং দিয়ে হেঁটে ঢোকা যাবে বিশ্ববিদ্যালয় এলাকায়। গুলশান ও বনানী এলাকায় রাত ৮টার পর বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। তবে ওইসব এলাকায় বসবাসরত নাগরিকরা নির্ধারিত সময়ের পর কামাল আতার্তুক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং দিয়ে পরিচয় দিয়ে ঢুকতে পারবে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় ফিরে আসার জন্য পুলিশ অনুরোধ করেছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করে না, তাদের ওইসব এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। আর হাতিরঝিলে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে রাত ৮টার পর। থার্টিফার্স্টে সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। ফাস্ট ফুডের দোকান বন্ধ থাকবে রাত ৮টা থেকে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে আবাসিক হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান হবে। কিন্তু ডিজে পার্টি করতে দেওয়া যাবে না। সর্বোপরি ডিএমপি ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২১ তারিখ ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করার অনুরোধ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত