ধামরাই পৌর নির্বাচন: পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

সাভারের ধামরাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে বিজয়ীর লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল পর্যন্ত ইসলামপুর ও চণ্ডাইল এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, এ সময় গাড়ি ভাঙচুর, শিশু ও নারীসহ সমর্থকদের মারধর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। হামলায় মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, গত সোমবার ধামরাই পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ফলাফল ঘোষণার পরপরই ৮ নম্বর ওয়ার্ড ইসলামপুর ও ৯ নম্বর ওয়ার্ড চণ্ডাইলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত দুদিন ধরে কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলম।

এ সময় বিজয়ী প্রার্থীর লোকজন তাদের বিভিন্নভাবে বাধা প্রদানের চেষ্টা করলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

মঙ্গলবার রাতে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থী আবু সাইদের দুই ছেলে ও তাদের সমর্থকসহ যুবলীগের নেতাকর্মীরা একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী আরফান আলীর সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিশু ও নারীদের মারধরসহ ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট এবং বাড়ির সামনে রাখা ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে তারা।

চণ্ডাইল মহল্লার বাসিন্দা আহত রেজাউল করিম জানান, কী কারণে তাদের মারধর করা হয়েছে, তা তিনি জানেন না। তবে বিজয়ী কাউন্সিলর সাঈদের দুই ছেলে তাদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে বলে জানান তিনি।

হামলার শিকার ঢাকা জেলা পরিষদের মহিলা সদস্য ও আওয়ামী লীগ নেত্রী নাসিমা আক্তার বলেন, মঙ্গলবার রাতে বেশ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

৯ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আরফান উদ্দিন বলেন, নির্বাচন করায় ক্ষিপ্ত হয়ে আবু সাঈদের নির্দেশে তার লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করেছে। এ ঘটনায় ধামরাই থানায় কয়েকটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে বিজয়ী কাউন্সিলর আবু সাঈদ বলেন, ‘ভোটে হেরে গিয়ে আরফান আলীর লোকজনই তার লোকের ওপর হামলা করেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার কয়েকজন সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা জোরদারসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত