কম বাজেটে বেশি সিনেমা নির্মাণের হিড়িক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১১:৩০ পিএম

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। অপরদিক সিনেমা হল খুললেও দর্শকরা সিনেমা হলে যাচ্ছেন না, ফলে অনেকে পরিচালকই সিনেমা মুক্তি দিচ্ছেন না। আবার অন্যদিকে সিনেমা নির্মাণের বাজেটেই কাটছাট করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় কম বাজেটে সিনেমা নির্মাণের হিড়িক পড়েছে।

আগে যেখানে শাকিব খানের সিনেমার বাজেট ছিল ২ কোটির উপর। এখন সে বাজেট কমে ১ থেকে দেড় কোটিতে নেমেছে। আর বেশিরভাগ ছবি নির্মাণ হচ্ছে ৪০ থেকে ৮০ লাখে। এমনকি কেউ কেউ ওয়েব ফিল্ম নাম দিয়ে ৩০ লাখ টাকাতেও সিনেমা নির্মাণ করছেন।

সম্প্রতি চিত্রনায়ক ইমন ও নায়িকা নিশাত নাওয়ার সালওয়াকে নিয়ে বীরত্ব ছবির শুটিং করা হয়। পরিচালক সাইদুল রানা বলেন, প্রথমে দুই কোটি টাকা ছবির বাজেট ধরা হয়েছিল। এখন ১ কোটি ২০ লাখ টাকার মধ্যে শুটিং শেষ করার চেষ্টা করছি।

এদিকে পরিচালক মালেক আফসারী আগে কোটি টাকার উপরের বাজেটে সিনেমা নির্মাণ করলেও এবার ৭০ থেকে ৮০ লাখ টাকায় সিনেমা নির্মাণ করছেন। জানা যায়, তার নতুন ছবি ‘ধামাকা’র বাজেট আনুমানিক ৭০ লাখ টাকা।

দেড় কোটি টাকায় ‘দেশা দ্য লিডার নির্মাণ করেছিলেন সৈকত নাসির। তিনি এবার ‘বর্ডার’ ছবির শুটিং শেষ করেছেন প্রায় ৬০ লাখ টাকায়।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও কম বাজেটে সিনেমা নির্মাণ করছেন। তার নির্মীয়মান ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির বাজেট অনেক কম। অঙ্ক না বললেও তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে কম বাজেটে সিনেমা বানানো ছাড়া উপায় নেই। কম বাজেটেও শক্তিশালী গল্প নির্মাণ করায় এখন পরিচালকদের চ্যালেঞ্জ।’

নব্বইয়ের জনপ্রিয় নির্মাতা মনতাজুর রহমান আকবরও বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করে কম বাজেটে সিনেমা নির্মাণ করছেন। এখন ২৫ লাখ থেকে ৩৫ লাখ টাকা বাজেটের মধ্যে নির্মাণ করছেন একের পর এক ছবি। ‘কাজের ছেলে’ ও ‘আয়না; সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি।

আকবর বলেন, ‘বাজেটের দিকে তাকিয়ে থাকলে এখন আর সিনেমা বানানো যাবে না। এখন কম হোক বেশি হোক কাজ করা দরকার। একটা কাজ মানেই পরিচালক, শিল্পী, টেকনিশিয়ানদের ঘরে কিছু টাকা যাওয়া। করোনার মধ্যে না খেয়ে মরার চেয়ে অল্প টাকায় কাজ করে খেয়ে বেঁচে থাকায় উত্তম বলে মনে করছি।’

এদিকে অপু বিশ্বাস ও বাপ্পী অভিনীত ‘প্রিয় কমলা’ সিনেমার বাজেটও কম। অপরদিকে অপু বিশ্বাস, নিরব ও নওশাবা সম্প্রতি কাজ করেছেন ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটির বাজেটও কম।

এদিকে সিনেমার বাজেট কমার সঙ্গে সঙ্গে নায়ক-নায়িকা ও টেকনিশিয়ানরাও নিজেদের পারিশ্রমিক কমিয়েছেন। যে সকল তারকারা পারিশ্রমিক কমিয়েছেন তারা হলেন শাকিব খান, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বাপ্পী চৌধুরী, মিশা সওদাগর, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি প্রমুখ।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, করোনার কারণে ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়েছে। প্রযোজকরা বাজেট কমিয়ে দিয়েছেন। ভালো বিষয় যে, আমাদের শিল্পী ও টেকনিশিয়ানরাও অনেকে পারিশ্রমিক কমিয়েছেন। আমি মনে করি কম বাজেটে বেশি সিনেমা নির্মাণ করে ইন্ডাস্ট্রিকে সচল রাখতে হবে। ইন্ডাস্ট্রি সচল থাকলে সব কিছুই এক সময় স্বাভাবিক হয়ে উঠবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত