বর্ষশেষের রাতে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন এক যুবক। পার্টি চলাকালীন ছাদ থেকে পড়ে যান তিনি। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার বেহালা এলাকায় পর্ণশ্রীতে এ ঘটনা ঘটে।
সংবাদ প্রতিদিন জানায়, পারুই দাস রোডের এক বাসায় বন্ধুর বাড়িতে পার্টিতে যোগ দিয়েছিলেন অপু মল্লিক নামে ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, দোতলার ছাদে কয়েকজন বন্ধু মিলে খাওয়াদাওয়া করছিলেন তারা। চলছিল মদ্যপানও। এরপর আচমকাই অপু অসুস্থবোধ করেন, বমি করতে চান। নিজেই ছাদের ধারের পাঁচিল থেকে মুখ বাড়িয়ে বমি করেন। তারমধ্যেই ভারসাম্য হারিয়ে দোতলার ছাদের পাঁচিল ডিঙিয়ে পড়ে যান মাটিতে। মাথায় চোট লাগে তার।
বন্ধুরা দ্রুত তাকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। সেখানে চিকিৎসাও শুরু হয় অপু মল্লিকের। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি অপুকে। মাথার চোট গুরুতর হওয়ায় মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।
আনন্দ করতে যাওয়া ছেলে ফিরে এল নিথর হয়ে, ভাবতেই পারছেন না পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যুর ধাক্কা সামলেই উঠতে পারছেন না তারা। নতুন বছরের প্রথম দিনই মৃত্যুর মতো শোক আছড়ে পড়েছে পর্ণশ্রীর এই পরিবারে। দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
