বগুড়ায় সময় টেলিভিশনের সাংবাদিক ও চিত্রসাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দিনাজপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সড়কে প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বগুড়ায় সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্রসাংবাদিক রবিউল ইসলাম এবং ঘোড়াঘাটে রাতের আঁধারে পুলিশ এক সাংবাদিকের ঘরের তালা ভেঙে আটক করার বিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দুর্নীতির প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকরা যখন মারধর কিংবা হামলার শিকার হন তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক আজহার জুয়েল, আবুল কাশেম প্রমুখ।
