জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ গণতন্ত্রের হাতে হাতকড়া পরিয়ে দিয়েছে। ৩০ বছর ধরে দল দুটি ৭০ ধারা অপব্যবহার করে নিয়ন্ত্রণহীন ক্ষমতা ভোগ করেছে।’ গতকাল শুক্রবার দলটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ ও বিএনপি ৭০ ধারা যোগ করেছে। এতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যে দল সরকার গঠন করে সেই দলের প্রধানই হন সংসদীয় দলের ও সরকারপ্রধান। আর ৭০ ধারার কারণে কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। এতে ক্ষমতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সরকারের জবাবদিহি থাকে না। নিয়ন্ত্রণহীন ক্ষমতায় দুর্নীতি বেড়ে যায়। তাই বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচবার বিশ্বের মধ্যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।’
সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘গত ১০ থেকে ১২ বছরের যে অসাধারণ উন্নয়ন হয়েছে, তার কৃতিত্ব ধরে রাখা যাবে না যদি প্রকৃত গণতন্ত্র না থাকে।’ তিনি বলেন, ‘এখন মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু জাতীয় পার্টির শাসনামলে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এখন নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সবাই জানে নির্বাচনের ফলাফল কী হবে।’
মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘২০২০ সাল শুধু করোনাকাল নয়, বাংলাদেশে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বছর।’ তিনি বলেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য। উন্নয়ন ও সুশাসনের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা পরিবর্তন চায়।’
জাপা লাইফ সাপোর্টে চলে গেছে : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে রংপুর পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদিশা এরশাদ। এ সময় তিনি বলেন, ‘এখন যে জাতীয় পার্টি সেটি এরশাদের জাতীয় পার্টি না। জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে। জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া যাব। দলকে সুসংগঠিত করতে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে যোগাযোগসহ তাদের ঘরে ঘরে যাব।’
মির্জাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : টাঙ্গাইলের মির্জাপুরে জাপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পৌর সদরের মেইন রোডে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলটি সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, সহসভাপতি ছিবার উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বাদশা, মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ প্রমুখ।
