ভূমি দখলস্বত্ব আইন পরিবর্তন করা হবে: মন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০৪:৫৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘দখল আছে দলিল নেই, তাতে জমির মালিক হওয়া যাবে না। জমির বিরোধ নিয়ে মামলা-হামলাও বেড়ে গেছে। এ জন্য ভূমি দখলস্বত্ব আইন পরিবর্তন করা হবে। এতে করে একজনের জমি অন্যজনের ভোগদখলের সুযোগ থাকবে না’।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ও রায়পুর ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলার জৈদ্দ্যারহাট চত্বরে এ অনুষ্ঠান হয়।

ভূমিমন্ত্রী আরো বলেন, ডিজিটাল ভূমি জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তাদের আপনারা সহযোগিতা করবেন। কোনো কারণে জরিপ কাজে ভুল হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে তা সংশোধন করা যাবে। মানুষমাত্রই ভুল, মানুষের ভুল হতে পারে। তাই বলে সরকারি কর্মকর্তাদের অপদস্থ করা যাবে না। এ সময় তিনি বারশত ও রায়পুর ইউনিয়নে নতুন করে ভূমি অফিস করা হবে বলে ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এটিএম নাছির মিয়া। বক্তব্য রাখেন ঢাকা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মোমিনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ইউএনও শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত