‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র ঐক্যবদ্ধ শক্তি দিয়ে রুখতে হবে’

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১০:৪৬ পিএম

বিএনপি-জামাত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, নতুন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে চাইছে উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, ঐক্যবদ্ধ শক্তি দিয়ে বিএনপি-জামায়াতের এসব ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে।

শনিবার দুপুরে সাংগঠনিক কাজে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে আয়োজিত জেলা যুবলীগের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নিখিল এসব কথা বলেন।

ফেনী জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী পৌরসভা নির্বাচনে আ. লীগ মনোনীত প্রার্থী ও ফেনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

ফেনী জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী রিয়াদ আজিজ রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী মাসুদ রানা। 

এর আগে সকাল থেকেই ফেনী মহিপালে সভায় যোগ দিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী জড়ো হতে থাকে।

বিএনপি-জামাত একটি জঙ্গি সংগঠন উল্লেখ করে মাইনুল হোসেন খান নিখিল বলেন, সত্যিকার অর্থে যদি তারা মানুষকে ভালোবাসতো এই করোনা দুর্যোগে মানুষকে সেবা দিয়ে মানুষের পাশে থাকতো। করোনা মহামারির সময় দলীয় নেত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজী রেখে করোনায় আক্রান্তদের লাশ দাফন সহ অসহায়দের পাশে থাকায় ফেনী জেলা যুবলীগকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, দুঃসময়ে আর দুর্দিনে ফেনী জেলা যুবলীগের অবদান তার অজানা নয়। ফেনী ছিল একটি সন্ত্রাসের জনপদ, ফেনীতে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার সাহস কারও ছিল না। ২০০১ থেকে ২০০৬ সালের তাণ্ডবলীলা এই ফেনীতে স্বাধীনতার পক্ষের, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার অসংখ্য প্রেমিকদের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল।

ফেনীতে যুবলীগ ও সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আসন্ন ৩০ জানুয়ারির পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ঐক্যবদ্ধ হয়ে জয় লাভ করিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ফেনীতে ঠাঁই নেই বলে জানান দেওয়ার জন্য দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত