কুষ্টিয়ার মিরপুরে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণাকালে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা-পাল্টা হামলায় দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ আহত হয়েছেন তিনজন। গত শুক্রবার রাত ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর এলাকায় মেয়র প্রার্থী হাজী এনামুল হক ও আরিফুর রহমানের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষে আহতরা হলেন কামরুল (২০), আবু সাইদ (২৩) ও শামীম (২১)। তারা তিনজনই সুলতানপুর এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হকের সমর্থক।
এ ঘটনায় এনামুলের সমর্থক তাপস খান বাদী হয়ে ২৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মিরপুর থানায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সুলতানপুর গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৮), ঝন্টু (৩২) এবং আহাদ (৩৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র মোবাইল ফোন প্রতীকের প্রার্থী আরিফুর রহমানের সমর্থকরা আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী এনামুল হকের কর্মী-সমর্থকের ওপর হামলা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় এনামুল সমর্থক তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই পৌর এলাকার বিভিন্ন জায়গায় আমার নির্বাচনী পোস্টার, প্রচার উপকরণ ধ্বংসসহ কর্মীদের ওপর হামলার অভিযানে নেমেছে প্রতিপক্ষ।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে, বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীদের দুই কর্মীকে তিন হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে পৌর শহরের ময়লাপোতার মোড়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পানির বোতল প্রতীকের প্রচারণার সময় ভ্যানচালক ও কর্মীকে মারধর করেন একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়া ও তার কর্মী মো. সাব্বির (১৯)।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ঘটনাস্থলে গিয়ে বাহাদুর মিয়ার কর্মী সাব্বির এবং পোস্টার ছেঁড়ার দায়ে ভ্যানচালক মনিরকে তিন হাজার টাকা করে জরিমানা করেন।
