স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারা দেশের মধ্যে চট্টগ্রামের গুরুত্ব অবশ্যই আলাদা। কারণ চট্টগ্রাম বন্দর ছাড়া দেশে এত প্রবৃদ্ধি হতো না। চট্টগ্রামকে আমাদের বিচ্ছিন্ন করে দেখলে চলবে না। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে-ভিউর মেজবান হলে চীন সরকারের অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো জায়গাকে আপনি বিচ্ছিন্ন করে দেখতে পারবেন না। ঢাকার উন্নয়ন, চট্টগ্রামের উন্নয়ন, কুমিল্লার উন্নয়ন সবগুলো আপনাকে সমানভাবে দেখতে হবে। কুমিল্লার উন্নয়ন যদি না হয়, চট্টগ্রাম যদি বঞ্চিত হয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সব অঞ্চলের জন্য কালেকটিভ এফোর্ট দিতে হবে। চট্টগ্রামের নালা-নর্দমা, খাল-বিল পরিষ্কার রাখতে হবে, খালের পাড়গুলো, ওয়াকওয়ে পরিষ্কার থাকবে। তাহলে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারবে।’
ভ্রান্ত ধারণার কারণে অনেক সময় উন্নয়ন ব্যাহত হয় জানিয়ে তিনি আরও বলেন, ‘ভ্রান্ত ধারণা নিয়ে ভুল বোঝাবুঝির দায় সবাইকে বহন করতে হবে।
