স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি চৌকস বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ক্রমাগত উন্নয়ন সাধনে সরকার সদা সচেষ্ট। পুলিশের নতুন প্রজন্ম হিসেবে উন্নয়নের এ ধারাকে আরও বেগবান এবং টেকসই করার ক্ষেত্রে অবদান রাখবে। বাংলাদেশ পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
রবিবার বেলা ১১টায় রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে সন্ত্রাস মোকাবিলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকায় জলদস্যু মুক্তিকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালানোসহ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও গভীর আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও জনবান্ধব ও কার্যকর বাহিনীতে পরিণত করতে সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। পরিবর্তিত আর্থসামাজিক কাঠামো, পরিবর্তিত প্রেক্ষাপট যুক্ত করেছে নতুন নতুন চ্যালেঞ্জ। প্রতিনিয়ত বৈশ্বিক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা।
বাংলাদেশ পুলিশ বিশ্বায়ন-শিল্পায়নের এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে সফলভাবে।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের মানবিকতা, সহযোগিতা, সহমর্মিতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরবে।
আইজিপি বলেন, বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল সমাজব্যবস্থায় বদলে যাচ্ছে অপরাধের ধরন ও এর গতিপ্রকৃতি, যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। তাই নিষ্ঠা, সততার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জন করতে হবে। তোমাদের হয়ে উঠতে হবে নিপীড়িত মানুষের আশ্রয়স্থল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রশিক্ষণ গ্রহণকালে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার বিতরণ করেন।
সকল বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস ‘বেস্ট প্রবেশনার’ পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।
