ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৭:৪৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া মসজিদের সামনে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান আলী (৪২) নামের এক ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু হয়। রায়হান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝলসা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

অপর দিকে প্রায় একই  সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) নিকটস্থ লালনশাহ সেতুর গোলচত্বরে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার নসিমন উল্টে প্রকল্পের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

রবিবার সকাল ৭টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বিভিন্ন এলাকা থেকে প্রকল্পের শ্রমিকেরা নসিমনযোগে কাজে যাওয়ার সময় লালনশাহ সেতুর পূর্ব পাশের গোলচত্বরে ঘোরার সময় উল্টে যায়। নিহতরা ওই নসিমনের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের অজগর আলীর ছেলে আনিসুর রহমান (৩১) ও একই থানার দামুকদিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২)। নিহত আনিসুর রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান কোম্পানি রইনওয়ার্ল্ড এবং আব্দুল খালেক ম্যাক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিক।

স্থানীয় এলাকাবাসী জানায়, কুষ্টিয়া জেলার  মিরপুর উপজেলা থেকে মাছ বোঝাই করে ভটভটি চালক রায়হান আলী ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া হাটে আসে। সেখানে মাছ খালাশ করে খালি ভটভটি নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় পাকশী-পাবনা মহাসড়কের কদিমপাড়া মসজিদের সামনে পৌঁছা মাত্র বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভটভটি চালক রায়হান মারা যায়। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। স্থানীয়রা জড়ো হয়ে ট্রাক চালককে আটক করে সাহাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখানে বাথরুম করার কথা বলে কৌশলে সেখান থেকে ট্রাক চালক পালিয়ে যায় বলে জানান সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির। খবর পেয়ে রূপপুর পারমানবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান,  ভটভটি চালকের পরিবার মামলা না করায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানায় আটক রয়েছে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত নসিমনকে আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতরা সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় বাড়ি চলে গেছেন। নসিমন চালক পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত