চট্টগ্রামের সীতাকুন্ডে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে শিশু, বৃদ্ধা, সন্তানসম্ভবা নারীসহ অন্তত ১৬ জনকে অচেতন করে দুই প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের হেলাল ও আরাফাতের বাড়িতে এ ঘটনা ঘটে। এরপর তাদের উদ্ধার করে সীতাকুন্ড সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ জানান, এর আগেও একই ধরনের একাধিক ঘটনায় অনেককে চিকিৎসা দিতে হয়েছে।
প্রতিবেশী শওকত হোসেন জানান, ওই দুজনের রান্নাঘর মূলঘর থেকে আলাদা হওয়ায় খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে দেওয়ার সুযোগ পায় দুর্বৃত্তরা। পরদিন সকালে দুই পরিবারের সদস্যদের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গেলে ঘরের দরজা খোলা অবস্থায় সবাইকে বিছানায় অজ্ঞান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।
আবু তাহের, আলমগীর হোসেন, স্বপন সওদাগরসহ একাধিক প্রতিবেশী আরও জানান প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। অন্যান্য ইউনিয়নে চৌকিদার ও জনপ্রতিনিধিরা রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করলেও মুরাদপুর ইউনিয়নে সঠিকভাবে করা হচ্ছে না। ফলে চুরির ঘটনা বেড়ে গেছে।
মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহিদ নিজামী বাবু জানান, দশজন গ্রামপুলিশ নিয়মিত পাহারায় নিয়োজিত আছে। প্রয়োজনে পাহারা আরও জোরদার করা হবে।
